জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও সহ-উপাচার্যকে গতকাল রোববার পঞ্চম দিনের মতো অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষকেরা। তাঁরা সমঝোতা ভঙ্গ করে অবরোধ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন।
গতকাল বিকেলে প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করা সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ উপাচার্যের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এ সময় পাঁচ থেকে সাতজন শিক্ষক প্রশাসনিক ভবনের বারান্দা ও উপাচার্যের সচিবের কক্ষে অবস্থান করছিলেন। দুই সহ-উপাচার্য প্রশাসনিক ভবনের ভেতরে চলাফেরা করতে পারছেন। তবে ভবনের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
এম এ মতিন বলেন, সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করলে অবরোধ প্রত্যাহার করা হবে বলে শর্ত দেন আন্দোলনকারী শিক্ষকেরা। এ পরিপ্রেক্ষিতে গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করে প্রশাসন। কিন্তু তার পরও অবরোধ প্রত্যাহার করা হচ্ছে না।
এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘উপাচার্য মো. আনোয়ার হোসেন ছুটি বর্ধিত করায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি ও আচার্যের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব এম এ মতিনের ওপর বর্তায়। তাই আমরা তাঁকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার অনুরোধ জানাচ্ছি।’ তিনি আরও জানান, দুই সহ-উপাচার্য চাইলে চলে যেতে পারেন কিন্তু দুই দিনের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করবেন—এমন কথা দিতে হবে।
এম এ মতিন বলেন, ‘শিক্ষকদের দাবি আজ (গতকাল) সকালে উপাচার্য আনোয়ার হোসেনকে জানানো হয়েছে। তাঁর পরামর্শ ছাড়া আমি কোনো ঘোষণা দিতে পারব না।’
গত বুধবার উপাচার্য মো. আনোয়ার হোসেন চিকিৎসার জন্য ছুটিতে যান। গত শনিবার তাঁর ছুটি শেষ হলেও তা বাড়িয়ে ২৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপসারণ দাবি: উপাচার্য আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সচল দাবি: বিশ্ববিদ্যালয় সচল করার দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটায় জাহাঙ্গীরনগর পরিবারের ব্যানারে ক্যাম্পাসে মানববন্ধন, মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বালন করা হয়। এতে প্রায় দুই শ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি: জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ সময় আরেক দফা বাড়িয়ে ২৬ নভেম্বর মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত করা হয়েছে। ওই দিন মনোনয়নপত্র জমা নেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১ ডিসেম্বর করা হয়েছে। এর আগে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল। পরে তা বাড়িয়ে ২৪ নভেম্বর (গতকাল) করা হয়।
জাকসু নির্বাচনের তারিখও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ। গতকাল তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নির্ভর করে জাকসু নির্বাচনের তারিখে পরিবর্তন আসতে পারে। নির্বাচনী প্রচারণার সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলবে। সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
নির্বাচনে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে রেজিস্ট্রারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টাকে জানানো হবে। তারপর সিদ্ধান্ত হবে।