চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এই বৈঠক হয়। জ্যেষ্ঠ শিক্ষক ও সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইমাম আলী প্রশাসনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে বর্ধিত বেতন-ফি প্রত্যাহার নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এ আন্দোলন পরে নগরে ছড়িয়ে পড়ে। গত ২ আগস্ট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় একদল মুখোশধারী যুবক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়। ওই দিন জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।বৈঠক সূত্র জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা গত রোববার প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি দেন। এর মধ্যে রয়েছে বর্ধিত বেতন-ফি প্রত্যাহার, আন্দোলনরত শিক্ষার্থী-সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা, বহিষ্কারাদেশ এবং কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, প্রতিটি বিভাগে টাকার রশিদ ও অধ্যাদেশ বহির্ভূত টাকা নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রথম বর্ষের ক্ষেত্রে ভর্তি ফি বাবদ বিষয়ভিত্তিক টাকা নির্ধারণ ও ব্যাংক রশিদের মাধ্যমে সব লেনদেন এবং গত ২ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্রীদের ওপর পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত বিচার ও দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসীম উদ্দিন, ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেন চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য নুরুল আনোয়ার ও সহকারী প্রক্টর আকতার হোসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন ‘বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ’-এর সমন্বয়কারী তবারক হোসেন, সুবর্ণা ধর, শান্তনু চৌধুরী, আফরিন ফেরদৌসী, রুচি ভট্টাচার্য্য প্রমুখ। প্রক্টর অধ্যাপক জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আমরা আন্তরিক। তাদের দাবি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।’ তবারক বলেন, ‘আমাদের পাঁচ দফা দাবি প্রশাসনের কাছে পেশ করেছি। প্রশাসন এসব দাবির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’