আন্দোলনকারীদের হাতে নিয়ন্ত্রণ নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলনের নিয়ন্ত্রণ আন্দোলনকারীদের হাতেই নেই। সমন্বয়হীনতা আর উদ্দেশ্যহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।
দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর কাছে ৪ মার্চ স্মারকলিপি দেওয়ার পর কোনো সাড়া না পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ফটকের বাইরে অবস্থান কর্মসূচি ডাকেন আন্দোলনকারীরা। কিন্তু সকালে মূল ফটকে তাঁদের আটকে দেয় পুলিশ।
দুপুর ১২টায় তাঁরা কলেজের উত্তর ফটক দিয়ে বের হয়ে আসেন। পুলিশের কাছে মূল রাস্তায় মিছিল করে মূল ফটক দিয়ে চলে যাওয়ার অনুমতি নেন আন্দোলনকারীরা। কিন্তু ফটকের সামনে এসে কয়েকজন রাস্তায় বসে যান। বারবার মাইকে ভেতরে চলে যেতে বলা হলেও তাঁরা যাননি। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। লাঠি নিয়ে পুলিশকে মারতে আসেন একজন।
একপর্যায়ে সবাই ভেতরে চলে গেলে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে অনবরত ইট পাটকেল ছোড়া শুরু হয়। পুলিশ নিরাপদ দূরত্বে অবস্থান নিলে আবারও শিক্ষার্থীরা ফটকের সামনে অবস্থান নেন। নেতৃত্বদানকারীরা বারবার মাইকে ‘অহিংস’ থাকার কথা বললেও অতি উৎসাহী কয়েকজন সেখান থেকেও ঢিল ছুড়তে থাকেন। এ সময় প্রায় আধা ঘণ্টা নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। সাপ্তাহিক ছুটির দিনেও খোলা আশপাশের সবগুলো দোকান বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে নেতৃত্বদানকারীরা ১৮ মার্চ সংহতি সমাবেশ এবং ২০ মার্চ প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
পরে কলেজের শিক্ষকদের সহযোগিতায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেন। ঢাকা কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে আন্দোলনরত ছাত্র পরিষদের একাধিক উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা ইটপাটকেল ছুড়েছেন তাঁদের আগে কখনো আন্দোলনে দেখা যায়নি। কারা এ কাজ করেছেন তাঁদের সুনির্দিষ্টভাবে শনাক্তও করতে পারেননি তাঁরা।