আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার এবং নতুন হল নির্মাণের দাবির আন্দোলনকে ছাত্রলীগ নিজস্ব কর্মসূচি ও অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল আমিনের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি করা হয়।

ছাত্র ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-দের হল উদ্ধার আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ছাত্রলীগ। তারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের  বিরুদ্ধে করা প্রশাসনের মামলা ও তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছে।

শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগে সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা এবং বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন।

তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর সংগঠনের নেতা-কর্মীরা এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাঁরাও আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

বেদখল হওয়া হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে আগামী বুধবার থেকে শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করবেন বলেও জানান শরিফুল ইসলাম।