আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিএনপি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।তরিকুল ইসলাম বলেন, গত চার বছরে ছাত্রলীগ শিক্ষাঙ্গনকে নরকে পরিণত করেছে। দেশের শিক্ষাব্যবস্থা আজ ছাত্রলীগের গুণ্ডাদের হাতে জিম্মি। এদের আক্রমণের নির্মম শিকার হচ্ছেন শিক্ষক-ছাত্রীরা। এর হিংসাত্মক দৃষ্টান্ত স্থাপন করা হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তিনি শিক্ষকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।পৃথক বিবৃতিতে ঢাকায় আন্দোলনরত নন-এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের ‘মরিচের গুঁড়া মেশানো পানি’ নিক্ষেপের নিন্দা জানান বিএনপির সমন্বয়ক। মানুষ গড়ার কারিগরদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার অমানবিক, অন্যায়, বর্বর ও জঘন্য আচরণ বলে মন্তব্য করেন।খালেদার উপদেষ্টা হলেন জয়নুল: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। গত বৃহস্পতিবার খালেদা জিয়া তাঁকে এই পদে মনোনয়ন দেন।