জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ভবনটি অবরুদ্ধ রাখায় সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। কয়েকটি বিভাগের উপাচার্যপন্থী শিক্ষকেরা ক্লাস নিলেও অধিকাংশ বিভাগেরই ক্লাস হয়নি। পূর্বনির্ধারিত পরীক্ষাও হয়নি কয়েকটি বিভাগের।এদিকে ক্লাস পরীক্ষার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, উপাচার্যপন্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশে ৪০ ও ৪১তম ব্যাচের ছাত্ররা মিছিল করতে বাধ্য হন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল ভোর পাঁচটার দিকে আন্দোলনরত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে জড়ো হন। পরে তাঁরা পরিবহন কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের শিক্ষক-শিক্ষার্থীদের আনতে বাসগুলোকে ঢাকায় না পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সকাল সাড়ে সাতটার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক তাঁর কার্যালয়ের সামনে উপস্থিত হলে শিক্ষকদের বাধার মুখে তিনি চলে যান। সাড়ে নয়টার দিকে অফিসার্স সমিতির সভাপতি এ টি এম আবদুল হান্নান প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে জোরপূর্বক প্রবেশ করতে চাইলে শিক্ষকদের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি ফিরে যান। বেলা সোয়া একটার দিকে পরিবহন চত্বর থেকে শিক্ষকদের নিয়ে তিনটি বাস প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ঢাকা যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকেরা বাস থামিয়ে সেগুলোকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট দিয়ে যেতে বলেন। তবে ওই গাড়িতে অবস্থানরত শিক্ষকেরা বিষয়টির প্রতিবাদ করে বাস থেকে নেমে যান। সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থানের ফলে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। এ ছাড়া ধর্মঘটের ফলে গতকাল অর্থনীতি, রসায়ন ও দর্শন বিভাগের বিভিন্ন ব্যাচের পূর্বনির্ধারিত পরীক্ষা হয়নি বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র ও অর্থ লেনদেনসংক্রান্ত অফিস ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে বিভিন্ন হলের ছাত্ররা। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকালে বটতলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক আসগর আলী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলামের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা ভাসানী ও আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রলীগের কর্মীরা ৪০ ও ৪১তম ব্যাচের ছাত্রদের বটতলায় ডেকে আনেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মী ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র আবদুল কাইউমের (বিপুল) নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল করেন সাধারণ ছাত্ররা।অভিযোগ অস্বীকার করে আসগর আলী বলেন, সাধারণ ছাত্ররাই মিছিলটি করেছে। ছাত্রলীগের কেউ তাদের মিছিল করতে বলেনি। শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, যাঁরা মাত্র তিন মাস আগে ক্যাম্পাসে এসেছেন, ভয়ভীতি সৃষ্টি করে তাঁদের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ অবক্ষয়ের বিষয়টি এখান থেকেই প্রমাণিত।বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, উপাচার্য প্যানেল নির্বাচন, অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধসহ আট দফা দাবি পূরণ না হওয়ায় ১৫ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনের নতুন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ধর্মঘট কর্মসূচি পালন করেন তাঁরা।