আন্দোলনরত শিক্ষকদের ধর্মঘট মৌন মিছিল উপাচার্যপন্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা ধর্মঘট ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে এ কর্মসূচির প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে উপাচার্যপন্থী শিক্ষকেরা ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন।এদিকে গতকাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগের সিলেকশন বোর্ডের সভাটি আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল আন্দোলনরত শিক্ষকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করেন। এ ছাড়া তাঁরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য শরীফ এনামুল কবির তাঁর কার্যালয়ে ছিলেন না। এদিকে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষকেরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থায়ী প্রভাষক পদে শিক্ষক নিয়োগের সিলেকশন বোর্ডের সভা হবে জানতে পেরে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা ওই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হতে পারে এবং তাঁদের চলমান কর্মসূচি অনুসারে উপাচার্যকে অবরোধ করে রাখা হবে জানিয়ে নিয়োগের প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান। পরে তাঁরা উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চে নিয়োগ-প্রক্রিয়া বন্ধ রাখতে প্রয়োজনে উপাচার্যের বাসভবনের কার্যালয় অবরোধের ঘোষণা দেন। পরে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কর্মসূচিতে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে সাধারণ শিক্ষকদের ব্যানারে উপাচার্যপন্থী শিক্ষকেরা মৌন মিছিল বের করেন। শিক্ষক সমাজের কর্মসূচির জন্য শিক্ষার কার্যক্রম ব্যাহত ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে তাঁরা এ কর্মসূচি পালন করেন।মিছিলে কলা ও মানবিক অনুষদের ডিন অসিত বরণ পাল, গাণিতিক ও পদার্থবিজ্ঞান-বিষয়ক অনুষদের ডিন মো. নুরুল আলম, অধ্যাপক এস এম বদিয়ার রহমান, অধ্যাপক আরজু মিয়াসহ বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়।অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব।’অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘বর্তমান উপাচার্য গত তিন বছরে দুই শতাধিক শিক্ষক নিয়োগ দিয়েছেন। এর বেশির ভাগই ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ বজায় রাখতে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আন্দোলন করছি।’রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের অনুরোধে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থায়ী প্রভাষক পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।’