আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামোসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
নতুন কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সপ্তাহে উপাচার্যদের সঙ্গে যৌথ সভা করে আন্দোলন ও দাবির প্রতি সমর্থন আদায়, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও তাঁর সঙ্গে দেখা করে শিক্ষকদের স্বাক্ষরসংবলিত দাবিনামা পেশ এবং দাবি না মানা হলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় কনভেনশন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল লিখিত বক্তব্যে বলেন, স্বাধীনতার পর কোনো বেতনকাঠামোই প্রস্তাবিত বেতনকাঠামোর মতো বিতর্কিত হয়নি। এতে দুটি ‘সুপার গ্রেড’ রেখে রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, উচ্চশিক্ষাকে অবহেলা করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়।