আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর

রাজধানীতে রাজু ভাস্কর্যের সামনে আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সভাপতি দারুস সালাম হামলা ও মারধরের সময় ঘটনাস্থলে ছিলেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থীকে চড়-থাপড় ও কিল-ঘুষি মারে। তাঁদের ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল।
আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীর ভাষ্য, ফেসবুকের মাধ্যমে সংগঠিত হয়ে সকাল ১০টার দিকে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির একপর্যায়ে পুলিশ তাঁদের সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা সেখানে থেকে নড়েননি। কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কয়েকজন এসে জানতে চান তাঁদের (শিক্ষার্থী) কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র আছে কি না। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করছেন জানালে তাঁদের বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে না, তারা এখানে আন্দোলন করতে পারবে না।’ তাঁদের সেখান থেকে চলে যেতে বলে হামলাকারীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের ব্যানার, ফেস্টুন কেড়ে নিয়ে তাঁদের কিল, ঘুষি ও চড়-থাপড় মারতে থাকে হামলাকারীরা। পরে শিক্ষার্থীরা আবার ওই এলাকায় অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘পুলিশ, ছাত্রলীগ দিয়ে হামলা করে বিক্ষোভ থামবে না’ বলে স্লোগান দিতে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সভাপতি দারুস সালাম প্রথম আলোকে বলেন, হামলার সময় তিনি রাজু ভাস্কর্যের দিকে যাননি। তিনি হলে অবস্থান করছেন। বিকেলে নরসিংদী যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নীলখেত থানার পরিদর্শক সাহেব আলীর ভাষ্য, শিক্ষার্থীদের মারধর করা হয়নি। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মারধর করলে কী ওরা থাকতে পারত।’ সরে যেতে বলার পরেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি থেকে নড়েননি বলে জানান তিনি।