আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করার ঘোষণা দিয়েছেন। এর আগে তাঁরা সকাল ১০টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মারকলিপি দেবেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, শান্তিপূর্ণ, অহিংস ও নিয়মতান্ত্রিকভাবে এসব কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী সালমান খান বলেন, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা যেখানে উন্মুক্ত, সেখানে আমাদের দেশে সেটা বরাবরই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষায় মেধা অপেক্ষা অধ্যবসায়ের গুরুত্ব অনেক বেশি। তাই কেউ অধ্যবসায়ে যোগ্যতা অর্জন করতে পারলে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকা উচিত।
লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলা হয়, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে সেই অধ্যবসায়কে পুরোপুরি নাকচ করে দেওয়ার সিদ্ধান্তে দেশের সকল শিক্ষার্থী হতাশ হয়েছে।’
সংবাদ সম্মেলনে ‘দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দের’ পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে ‘প্রত্যাখ্যান’ করে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজের আহমেদ সাগর, ঢাকা সিটি কলেজের আবদুল্লাহ আল মামুন, ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।