আন্দোলনরত সংগঠনগুলোকে উপেক্ষার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলমের নেতৃত্বে সরকারের একটি উচ্চপর্যায়ের দল গত শনিবার যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চল পরিদর্শন করেছে। পরে তারা ভবদহ স্লুইস গেটের পাশে মতবিনিময় সভায় অংশ নেয়। কিন্তু তাতে আন্দোলনকারী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল সোমবার যৌথ বিবৃতি দিয়েছে চারটি সংগঠন। সংগঠনগুলো হলো ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভৈরব সংস্কার বাস্তবায়ন কমিটি, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন।

বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দল ভবদহ অঞ্চল পরিদর্শন করেছে। দলটিতে অন্যদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যশোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ সার্কেল) জুলফিকার আলী হাওলাদার, পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, ডেলটা প্ল্যান প্রজেক্টের প্রকল্প পরিচালক মিজানুর রহমান ও দুজন পরামর্শক ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা তাদের এলাকার ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির ওপর বিশেষ ও সময়োপযোগী গুরুত্ব দেওয়ার জন্য স্বাগত জানাই। কিন্তু দলটি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ আন্দোলনকারী সংগঠনগুলোর প্রতি যে উপেক্ষার পরিচয় দিয়েছে, তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ১৪-দলীয় জোটের ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।’

বিবৃতিতে বলা হয়, ভবদহ, কপোতাক্ষ, ভৈরব ও মুক্তেশ্বরী অববাহিকার জলাবদ্ধতা, লবণাক্ততা, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অস্তিত্ব রক্ষার প্রশ্নে এ অঞ্চলে যেসব ইতিবাচক আন্দোলনকারী সংগঠন গড়ে উঠেছে, ভবদহ জলাবদ্ধতা নিরসনে তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও যশোর সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে পাউবোর ব্যর্থতাই স্থায়ী জলাবদ্ধতা নিশ্চিত করতে যাচ্ছে।

বিবৃতিতে সই করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত কুমার বাওয়ালী, ভৈরব সংস্কার বাস্তবায়ন কমিটি আহ্বায়ক আফসার আলী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল কুমার বিশ্বাস।

জানতে চাইলে জুলফিকার আলী হাওলাদার বলেন, আন্দোলনকারী সংগঠনগুলোকে মোটেও উপেক্ষা করা হয়নি। শনিবারের কর্মসূচি ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের। তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে চেয়েছিল। এ জন্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) নতুন করে সমীক্ষা করবে। এ সময় নেতাদের যুক্ত করা হবে।