আন্দোলনে অচল ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থায়ী অধ্যক্ষের অপসারণ ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে ছয় মাস আগে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে কলেজে সৃষ্টি হয়েছে অচলাবস্থা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ী অধ্যক্ষ ও অস্থায়ী ১০ জন শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। পলিটেকনিক ইনস্টিটিউটেই মূল দায়িত্ব পালন করায় দিনের পর দিন তিনি কলেজে আসতে পারেন না। অস্থায়ী যে ১০ জন শিক্ষক আছেন তাঁদের মধ্যেও আবার চারজন খণ্ডকালীন। এ অবস্থায় পাঠদান ব্যাহত হওয়ায় গত ২ মে থেকে স্থায়ী অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রিফাতুর করিম বলেন, ‘প্রায়ই অধ্যক্ষ থাকেন না। এতে প্রশাসনিক কাজকর্মসহ নানা ক্ষেত্রে সমস্যা হয়। অস্থায়ী শিক্ষকেরাও নিয়মিত ক্লাস নেন না। এতে পরীক্ষা নিয়মিত হলেও আমরা পাঠ্যসূচি নিয়ে সমস্যায় থাকি। এ সংকট থেকে বের হতে অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগের দাবি তোলা হলেও তা পূরণ হচ্ছে না। এভাবে সেশনজটে পেছনে পড়ে যাব বলে দুশ্চিন্তা হচ্ছে।’
শিক্ষার্থীরা আরও জানান, জুলাই মাসে তাঁরা দাবি আদায়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করেন। এরপর ১৪ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ঘেরাও করে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। পরে মহাপরিচালক শাজাহান মিয়া এক সপ্তাহের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ময়মনসিংহে ফিরে আসেন। কিন্তু তার পরও অবস্থার পরিবর্তন হয়নি।
এদিকে অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে দিনের পর দিন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে না যাওয়ার অভিযোগটি মিথ্যা। বড় একটা প্রতিষ্ঠানের (ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট) দায়িত্ব পালনের পর যতটুকু সময় পাই আমি সেখানে দিই।’
কলেজ সূত্রে জানা যায়, আন্দোলনের কারণে কলেজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের চূড়ান্ত পর্যায়ের একটি করে সেমিস্টার পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। মে থেকে জুন মাসের মধ্যে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। এদিকে আন্দোলনে নেতৃত্বদানকারী পাঁচ শিক্ষার্থীকে অধ্যক্ষ দুবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
আন্দোলনের অন্যতম নেতা ও কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের অধ্যক্ষ অযৌক্তিক কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। অবশ্য সেই নোটিশের জবাবও দেওয়া হয়েছে।