আন্দোলনে অচল মিল্ক ভিটা মহাব্যবস্থাপককে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) গত রোববার অচল ছিল। পদোন্নতি ও প্রাপ্ত বেতন-ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির ৪৫৮ কর্মকর্তা ও কর্মচারী এই বিক্ষোভ করেন।মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, মিল্ক ভিটার বাঘাবাড়ী দুগ্ধ কারখানায় ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদোন্নতি পাওয়া ৪৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীর দেওয়া পদোন্নতি ও তাঁদের সব আর্থিক সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে মিল্ক ভিটার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মিল্ক ভিটার ঢাকার মিরপুর কারখানায় উৎপাদন বন্ধ করে দেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল নয়টার দিকে বাঘাবাড়ী কারখানার কর্মচারীরা উপমহাব্যবস্থাপকের কার্যালয় তালাবদ্ধ করে দেন। পরে পুলিশ এসে ওই তালা খোলে। অপরদিকে ঢাকার মিল্ক ভিটার প্রধান কার্যালয়ে কর্মচারীরা মহাব্যবস্থাপকের কার্যালয়ে গিয়ে তাঁকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেন। পরে বেলা তিনটার দিকে মিল্ক ভিটার কারখানা চালুসহ সবকিছু স্বাভাবিক হয়। রাতে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের এবং বাঘাবাড়ীতে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। মিল্ক ভিটার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মতান্ত্রিকভাবেই এই ৪৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। আবার নিয়মতান্ত্রিকভাবেই তাঁরা পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে এসব কর্মকর্তা ও কর্মচারী বেতন-বোনাসসহ সব আর্থিক সুবিধা পেয়ে আসছেন। কিন্তু বর্তমান ব্যবস্থাপনা কমিটি তাঁদের নিয়োগ বাতিল করলে সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন।এ বিষয়ে জানতে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাসিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চট্টগ্রাম-সিলেট বিভাগ থেকে নির্বাচিত পরিচালক উসকানি দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে নামিয়েছেন।’ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া পদোন্নতি বিধিসম্মত না হওয়ায় এটি সমবায় অধিদপ্তর মেনে নেয়নি। যে কারণে মাসিক সভায় তাঁদের পদোন্নতি ও সুযোগ-সুবিধার বিষয়টি বাতিল করার সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে নেওয়া হয়েছে। মহাব্যবস্থাপকের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘কর্মচারীরা জোরপূর্বক তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করেছেন। আমার কাছে কোনো পদত্যাগপত্র আসেনি।’আন্দোলনকারীরা কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। তবে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যাঁদের পদোন্নতি বাতিল করা হয়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগই তরুণ কর্মকর্তা। ফলে তাঁদের দিয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ইচ্ছেমতো কাজ করাতে পারছে না। মূলত এ কারণেই তাঁদের পদোন্নতি বাতিল করা হয়েছে। এর মাধ্যমে বর্তমান ব্যবস্থাপনা কমিটি তাদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে চায়। কিন্তু দ্রুত এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে মিল্ক ভিটায় অচলাবস্থা কাটবে না।