আন্দোলনে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক মশিউর রহমানের ওপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে জেলার সব সরকারি হাসপাতালে চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারীরা টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা ভোগান্তিতে পড়েছে। অনেকে সেবা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। অচলাবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনরত চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা রোগীদের কথা বিবেচনা করে আজ রোববার ও কাল সোমবার আন্দোলন কর্মসূচি কিছুটা শিথিল করেছেন। জেলা বিএমএর সভাপতি মার্টিন হীরক চৌধুরী গত শনিবার বেলা ১১টায় জরুরি সভা শেষে জানান, আসামি গ্রেপ্তারে প্রশাসনকে নতুন করে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে গোটা স্বাস্থ্য বিভাগ অচল করে দেওয়া হবে। হাসপাতালের বহির্বিভাগের পাশাপাশি চিকিৎসকদের ব্যক্তিগত রোগী দেখা (প্রাইভেট প্র্যাকটিস) বন্ধ রাখা হবে। ২৪ ডিসেম্বর এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে ভাঙচুর ও এক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনা ঘটে।