আন্দোলনে জামায়াত-শিবির ও জঙ্গিগোষ্ঠী জড়িত: হাছান মাহমুদ

ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কি?’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ছাত্রলীগ নিজেদের গঠনতন্ত্র অনুযায়ী চলে। এটা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাদের কর্মকাণ্ড তারাই দেখভাল করে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে জামায়াত-শিবির ও জঙ্গিগোষ্ঠী জড়িত রয়েছে। ছাত্রলীগের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। ওই অনুপ্রবেশকারীরাই এ ঘটনা ঘটাতে পারে।’
বিএনপিকে সমাবেশের অনুমতির গড়িমসির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) এখনো সহিংসতা পরিহারের স্পষ্ট ঘোষণা দেয়নি। অতীতের সহিংসতা কর্মকাণ্ডের জন্যও ক্ষমা চাইনি।’ তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বড় দল। আমরা চাই, তারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুক। এ জন্য তাদের সহিংসতা পরিহার করতে হবে।’
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) প্রকাশিত জরিপ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পরিচালিত ডিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সব দল অংশ নিলেও ৪২ দশমিক ৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত। আমাদের কাছে মনে হয়েছে, বিএনপির একটি নিজস্ব জরিপ ছিল। এ জন্য নির্বাচনে পরাজিত হবে জেনেই তারা নির্বাচনে আসেনি।’ তিনি বলেন, জরিপে বলা হয়েছে, ৪১ শতাংশ মানুষ ভোট দিয়েছে। অথচ বিএনপি প্রচার করছিল ১০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সুতরাং, নির্বাচন কমিশন ভোটের যে হার প্রকাশ করেছে সেটার সত্যতা মিলেছে। তিনি আরও বলেন, ‘জরিপে ৯০ শতাংশ মানুষ মনে করেন, বিএনপি নির্বাচনে না আসা ভুল হয়েছে। আমরাও এটা মনে করি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আনোয়ার হোসেন প্রমুখ।