আন্দোলনে নামছেন মহিউদ্দিন ‘ক্যাপিটাল ড্রেজিং’ ইস্যুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরের একটি টার্মিনালে ঠিকাদার নিয়োগ নিয়ে আন্দোলনের তিন মাস পর আবারও বন্দর নিয়েই আন্দোলনে নামছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এবার চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে চলমান ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে ‘চক্রান্তের’ অভিযোগ এনে আন্দোলনের ঘোষণা দিলেন।এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামবিদ্বেষী একটি শক্তি উন্নয়নের নামে বন্দর ধংসের চক্রান্ত করছে। কিছু লোক তাতে সহযোগিতা করছে। দেশকে বাঁচাতে গেলে বন্দরকে বাঁচাতে হবে।’ কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়র নামে ‘ক্যাপিটাল ভরাট’ চলছে দাবি করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এ বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে লিখব। জনগণের কাছেও বিষয়টি তুলে ধরব। জনগণ আশ্বস্ত হলে সবাইকে নিয়ে আন্দোলনে যাব।’২০১১ সালের ৫ জুলাই ২২৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকল্পটির নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে বন্দর রক্ষা পরিষদ এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘কর্ণফুলী তৃতীয় সেতুটি পিলার না করে ঝুলন্ত করার জন্য আন্দোলন করেছি। কথা শোনেনি। ছয়টি পিলারের ২৪টি খুঁটি দিয়ে সেতু নির্মাণ করা হলো। ফলে নদীতে প্রচুর বালু জমেছে। এই বালু উত্তোলনের জন্য ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রস্তাব করা হয়।’বর্তমানে ড্রেজিংয়ের নামে নদী ভরাট হচ্ছে দাবি করে মহিউদ্দিন বলেন, ‘নদীর প্রায় ৮০০ মিটার ভরাট হয়ে গেছে। তীব্র স্রোত এলে নদী আরও ভরাট হবে। মোহনা দিয়ে এখন নয় মিটার গভীর জাহাজ ঢুকতে পারে। যাতে এই গভীরতার জাহাজও ঢুকতে না পারে, সেই চক্রান্ত শুরু হয়েছে।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘কর্ণফুলী তৃতীয় সেতুর কাছ থেকে সদরঘাট পর্যন্ত নদী ছোট হয়ে গেছে। তটরেখা পরিবর্তনের কাজে প্রকল্প পরিচালক ও স্থানীয় ঠিকাদার আবু সালেহ জাফর ওরফে বালু জাফরের যোগসূত্র রয়েছে।’ ভরাট হওয়া নদীর অংশে আবু সালেহ জাফর পাঁচতারকা হোটেল নির্মাণের পাঁয়তারা করছেন বলে তিনি অভিযোগ করেন। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিবেশ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। সংবাদ সম্মেলন শেষে বন্দর রক্ষা পরিষদের নেতারা কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় চলমান ড্রেজিং প্রকল্প পরিদর্শনে যান। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার প্রথম আলোকে বলেন, ‘বুয়েট গাণিতিক মডেল স্টাডি করে তটরেখা নির্ধারণ করেছে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য বুয়েটকে অনুরোধ করা হয়েছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তারা পুনর্বিবেচনার ফলাফল জানাবে।’ মহিউদ্দিন চৌধুরীর করা অভিযোগের বিষয়ে খাদেমুল বাশার বলেন, ‘আমি অভিযোগের বিষয়ে জানি না। তাই মন্তব্য করতে পারব না। প্রকল্পের কাজ ৭৫ শতাংশ শেষ। আগামী জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।’