সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপরের পদ ও নিম্ন পদের মধ্যে বেতনবৈষম্য, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে সরকারি কর্মচারীদের সংগঠনটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ মে ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। একই দিন সারা দেশে সব জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। ১ জুনের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে সব সরকারি দপ্তরে ধারাবাহিকভাবে প্রতিবাদ সমাবেশ ও লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এ সময় সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগ্য হয়েও সঠিক সময়ে পদোন্নতি না দেওয়া বা পদোন্নতির সুযোগ না থাকাসহ কয়েকটি কারণে একটি নির্ধারিত সময় পরপর আর্থিক সুবিধা হিসেবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দেওয়া হয়। কিন্তু জাতীয় চাকরি ও বেতন কমিশনের সঙ্গে একমত হয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটিও তা বাতিলের সুপারিশ করেছে। গত বুধবার পর্যালোচনা কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তাদের প্রতিবেদন দিয়েছে। বিষয়টি জানাজানির পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি কর্মকর্তাদের বেতনের যে প্রস্তাব করা হয়েছে, তা বৈষম্যমূলক।