আন্দোলনে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। ছবি: প্রথম আলো

সরকারি কলেজের কয়েকজন শিক্ষকের ওপর সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। প্রথমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ১৬ মে কর্মবিরতি পালন করবেন। এরপরও দাবি পূরণ না হলে ২৫ মে থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় এই ঘোষণা দেন সমিতির মহাসচিব শাহেদুল খবীর চৌধুরী। এ সময় সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পরীক্ষার দায়িত্ব পালনসহ বিভিন্ন সময়ে কয়েকটি কলেজের পাঁচজন শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা তুলে ধরে বলা হয়, দ্রুত বিচার না হওয়ার কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। পুনরাবৃত্তি রোধে তাঁরা এসব ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পরীক্ষার কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত কঠোরভাবে মানা এবং সব ক্ষেত্রে কলেজ শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।