দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছেন দেশের সাত হাজার নিরীক্ষক। আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় নিরীক্ষকদের মহাসমাবেশ ডাকার প্রস্তুতি নিচ্ছে অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে মহাসমাবেশের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন অ্যাসোসিয়েশনের নেতারা। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের অধীনে সারা দেশে সাত হাজার নিরীক্ষক রয়েছেন। প্রায় চার দশকেও তাঁরা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পাননি। অথচ একই স্কেলে থাকা অন্যান্য বিভাগের সরকারি কর্মচারীদের পদমর্যাদা বেড়েছে। এই অবস্থায় ১১ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছেন নিরীক্ষকেরা। সরকারি বেতন স্কেল পর্যালোচনায় দেখা গেছে, ১৯৭৩ সালে সিএজি কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া নিরীক্ষকেরা ৩১০ টাকার বেতন স্কেলে ছিলেন। ২০০৯ সালে তাঁদের বেতন ছয় হাজার ৪০০ টাকার স্কেলে উন্নীত হলেও পদমর্যাদার পরিবর্তন হয়নি। একই সময় একই স্কেলের পরিসংখ্যান সহকারী, কাস্টমস ইন্টেলিজেন্স অফিসার, থানা সমবায় অফিসার, খাদ্য পরিদর্শক, মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার ও সিনিয়র স্টাফ নার্সরা ২০০৯ সালে আট হাজার টাকার স্কেলভুক্ত হয়ে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা পান। সূত্র জানায়, পদমর্যাদাসহ অন্যান্য দাবিতে অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। সিএজি কার্যালয় থেকে নিরীক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং চার-পাঁচ বছর অতিক্রান্ত হওয়া কর্মচারীদের ‘সিলেকশন গ্রেড’ দেওয়ার সুপারিশ করা হয়। একই পদে চার-পাঁচ বছর চাকরি করলে সরকারি কর্মচারীদের ‘সিলেকশন গ্রেড’ অর্থাৎ বেতনের পরবর্তী স্কেল দেওয়ার বিধান রয়েছে। শিক্ষাসহ সরকারি বিভিন্ন বিভাগে এই শ্রেণীর কর্মকর্তারা একই প্রক্রিয়ায় সিলেকশন গ্রেড পান। কিন্তু অডিটরদের পদমর্যাদাসহ অন্যান্য সুবিধার বিষয়ে পাঠানো প্রস্তাব কার্যকর হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহম্মদ আতাউল হাকিম প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান, সিলেকশন গ্রেডসহ এ-সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের আর কিছু করার নেই। মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’ নিরীক্ষকদের সিলেকশন গ্রেড অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখার প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, নিরীক্ষক পদে ২৫ শতাংশ সিলেকশন গ্রেড পাওয়ার যোগ্য ছিল। এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে আসার পর সিলেকশন গ্রেডের পরিবর্তে তাদের বেতন স্কেল দুই গ্রেড উন্নীত করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে অন্য সূত্র জানায়, সাত হাজার নিরীক্ষকের অর্ধেকই ‘সিলেকশন গ্রেড’ পাওয়ার যোগ্য। তাঁদের অধিকাংশ মাস্টার্স ডিগ্রিধারী। তাঁরা নন-গেজেটেড তৃতীয় শ্রেণীর কর্মকর্তা পদে থেকে হিসাব বিভাগের গুরুত্বপূর্ণ কাজ করছেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম শাহজালাল মিঞা প্রথম আলোকে বলেন, দাবি আদায়ের জন্য অ্যাসোসিয়েশন নিয়মতান্ত্রিক পথে আন্দোলনে যাবে।