আন্দোলনে রংপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। রাজনৈতিক দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পাড়া-মহল্লায় প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে ঘোষণা দিয়েছেন, এ মাসের মধ্যে রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি গত শনিবার জেলা প্রশাসনের সমেঞ্চলনকক্ষে রংপুরের উন্নয়ন বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন ঘোষণার দাবিতে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম ১ এপ্রিল ১০ মিনিটের রংপুর স্তব্ধ কর্মসূচি পালন করে। এ ছাড়া রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের ব্যানারে একই দাবিতে প্রায় প্রতিদিন শহরের পাড়া-মহল্লায় সভা-সমাবেশ হচ্ছে। সংগঠনের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘এ অঞ্চল সব সময়ই উন্নয়নবঞ্চিত। সিটি করপোরেশন ঘোষণা এই হবে বলে এক বছরের অধিক সময় ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে চলেছে সরকার। আমরা আর প্রতিশ্রুতি চাই না। এবার রংপুরকে অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে।’সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক এস এম পিয়াল বলেন, এ মাসে রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা না হলে আগামী মাস থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হবে। রংপুরের সাবেক সাংসদ ও জাতীয় পার্টি কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান রংপুরকে অবিলম্বে সিটি করপোরেশন ঘোষণা করে নির্বাচনের দাবি জানান।জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, রংপুরকে শুধু লোক দেখানো বিভাগ ঘোষণা করা হয়েছে। কিন্তু বিভাগের সুফল পাচ্ছে না রংপুরবাসী। সিটি করপোরেশন ঘোষণা ঝুলিয়ে রাখা হচ্ছে দীর্ঘদিন ধরে। অবশেষে এ দাবি আদায়ে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হলো। রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘সাংবাদিকদের কত আর বলি, খুব শিগগির ঘোষণা করা হচ্ছে। তাই এবার কোনো মন্তব্য করতে চাই না।’২০০৯ সালের অক্টোবর মাসে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়। এর পর থেকে রংপুর সিটি করপোরেশন ঘোষণা করা নিয়ে শুধু প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি।