নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গতকাল মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাত সোয়া নয়টা থেকে ১১টা পর্যন্ত এ সভা হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনমত গঠন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে পেশাজীবী ও দলের বিভিন্ন জেলা কমিটির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ সভা হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত একজন নেতা জানান, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবির পাশাপাশি সরকারের সীমাহীন লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের বিবরণ গ্রামের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। সূত্র জানায়, খালেদা জিয়া মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে নেতাদের বক্তব্য শোনেন। কয়েকজন নেতা জেলার বিভিন্ন কমিটির নেতাদের মধ্যে দ্বন্দ্বের কথা জানান। বিষয়টি সমাধানে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে নির্দেশ দেওয়া হয়।মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. আবদুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর, জ্যেষ্ঠ সহসভাপতি শাহজাহান খান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৪২ জন নেতা অংশ নেন।সরকার ইচ্ছাকৃতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে: ফখরুলগণতন্ত্রকে ধ্বংস করার জন্য সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা (বিএনপি) যখন শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তনের কথা বলছি, তখন সরকার ইচ্ছাকৃত সন্ত্রাসের আশ্রয় নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে।’রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার কথা উল্লেখ করে গতকাল বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। খালেদা জিয়ার কারামুক্তির চতুর্থ বার্ষিকী উপলক্ষে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল আবারও দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে।