আন্দোলনে স্থবির ইউএসটিসি
চট্টগ্রামশিক্ষার্থী ও কর্মচারী সমন্বয় পরিষদের যুগপৎ আন্দোলনের মুখে গতকাল রোববার চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
এ সময় প্রশাসনিক কাজ, শ্রেণী কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক বক্তব্য আদায়ে চাপ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীরা সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভারপ্রাপ্ত সহ-উপাচার্যের কক্ষে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। ইউএসটিসির রেজিস্ট্রার শামস-উদ-দোহা বলেন, ‘আমরা শিক্ষার্থী ও কর্মচারীদের সব দাবির কথা ঢাকায় পরিচালনা কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি আদায়ের জন্য আমাদের প্রোভিসির কক্ষে বসার অনুরোধ জানায়। বিকেলে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বৃহস্পতিবার আলোচনার বিষয়টিও কর্তৃপক্ষকে জানিয়েছি।’ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষানবিশ চিকিৎসক সমিতির সাবেক সভাপতি ও চিকিৎসক ইমরান আলম চৌধুরী বলেন, ‘আগামী বুধবারের মধ্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন চলবে। আমরা বৃহস্পতিবার কর্তৃপক্ষের কাছ থেকে সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইব। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’ ইউএসটিসি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এবং সহকারী সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা মহার্ঘ ভাতা এবং সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহিমের বদলি আদেশ প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে আন্দোলনে নেমেছি। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করব।’ শিক্ষানবিশ চিকিৎসক সমিতির সভাপতি চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ নয় মাস স্থায়ী উপাচার্য না থাকার বিষয়টি লজ্জাজনক। সেই সঙ্গে এক বছর পর শিক্ষানবিশ চিকিৎসকের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিল, বিএমডিসি থেকে ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষানবিশদের চিকিৎসক স্বীকৃতি আদায়ে দীর্ঘসূত্রতা প্রত্যাহারের দাবিতে আমরা বাধ্য হয়েছি আন্দোলনে যুক্ত হতে।’