জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে হল ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৭ এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, শিক্ষকেরা অনুষদে এলেও ক্লাস, পরীক্ষা বা কোনো প্রশাসনিক কাজে অংশ নিচ্ছেন না। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
শিক্ষকদের আন্দোলনকে স্বার্থান্বেষী আন্দোলনও বলছেন অনেক ছাত্র। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে নিজেদের স্বার্থে আন্দোলন করছেন। অথচ হলে আমাদের প্রতিদিন খরচ হচ্ছে। এমন পরিস্থিতে হলে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’
আন্দোলনের কারণে সেশনজটের আশঙ্কা করছেন অনেক শিক্ষার্থী। সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আইমান উল্লাহ বলেন, ‘ক্লাস-পরীক্ষা কিছুই হচ্ছে না। মনে হয় এবার সেশনজটে পড়ে যাব।’
উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি শিক্ষকদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছি। তাঁদের চিঠিও দিয়েছি। অথচ তাঁরা তা করছেন না।’ তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করা উচিত।