আন্দোলনেও নাই, ভোটেও নাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট দিতে আইসা মনে হইছে ফিরা যাই। কারে ভোট দিমু। কেউ কি আমাগো শান্তি দিবার পারব। যে আমাগো শান্তি দিতে পারব, তারে ক্ষমতায় আনতে চাই। আমরা আন্দোলনেও নাই, ভোটেও নাই।’ মুসলিম গভর্নমেন্ট হাইস্কুলে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা শিলা রানী এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন আবুল হাসনাত। জিজ্ঞাসা করলাম, ভোট দিয়েছেন? সঙ্গে সঙ্গে উত্তর, ‘কারে ভোট দিমু? যে আমাগো শান্তি দিতে পারব না, হ্যারে? আমরা কারও লগে না। কবে দ্যাশে শান্তি আইবো।’  

ভজহরি সাহা স্ট্রিট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র (নারী)। এই কেন্দ্রের ভোটার ২২৭৫ জন। দুপুর সাড়ে ১২টায় ওই কেন্দ্রে ভোট পড়ে মাত্র নয়টি। এই কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কালাম। তিনি ‘প্রথম আলো’কে বলেন, ‘এই কেন্দ্রের সামনে গতকাল রাতে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত থাকায় ভোট দিতে আসেননি। এ ধরনের আতঙ্ক সবার মধ্যে বিরাজ করছে।’

গেন্ডারিয়া উচ্চবিদ্যালয়ের ভোট দেন তারেক রায়হান। তিনি ‘প্রথম আলোকে’ বলেন, ‘মা বাসা থেকে বের হতে মানা করেছিল। তার পরও ভোট দিয়েছি। ভোট না দিয়ে তো কোনো লোভ নেই। একজন তো জিতবেই। এবারই প্রথম ভোটার হলাম, তাই ভোট দিয়েছি।’

রাজনৈতিক বিশ্লেষক মীজানূর রহমান শেলী ‘প্রথম আলো’কে বলেন, ‘সাধারণ মানুষকে এখন আন্দোলনেও পাওয়া যাচ্ছে না। আবার আজ যে নির্বাচন হলো সেখানেও ভোটারের উপস্থিতির হার ক্ষীণ। এই দুটি বিপরীতমুখী বিষয়ে মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে না। এতে নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না।’

মীজানূর রহমান শেলী আরও বলেন, ‘আবার একপক্ষীয় নির্বাচন ঠেকাতে বিরোধী দলের সঙ্গে জনসম্পৃক্ততা দেখা যায় না। আসলে রাজনীতিকদের ওপর ‘‘নাগরিক ঔদাসীন্য’’ দেখা দিয়েছে। এভাবে একটা রাষ্ট্র হালবিহীন তরি হয়ে যায়, যা দেশের জন্য খুব ক্ষতিকর।’