সড়কযোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনেও হেরেছে, নির্বাচনেও হেরেছে। আন্দোলনে বিএনপির কর্মী নেই, নির্বাচনে এজেন্ট নেই। তাদের আন্দোলনের মরা গাঙ্গে কখনো জোয়ার আসেনি, আসবেও না।
এদিকে কারচুপি, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে সরকার-সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মারার উৎসবের মধ্য দিয়ে সদ্য শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘একটা দেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশের এত মাতামাতি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।’
গতকাল রোববার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ও এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সমাবেশের আগে সকালে নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক পরিদর্শন করেন মন্ত্রী ওবায়দুল। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘সিটি নির্বাচনে মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনই তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপি অভিযোগ করছে, সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি, অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে। এত অনিয়ম, ভোট কারচুপি ও মাঝপথে বর্জনের পরও বিএনপি কীভাবে এত ভোট পেল?’
ওদিকে সমাবেশে ওবায়দুল কাদের বিএনপির নেতা-কর্মীদের সমালোচনা করে বলেন, ‘হরতালের ডাক দিয়ে বিএনপির নেতা-কর্মীরা বসে থাকেন এসি ঘরে। কর্মীরা কীভাবে মাঠে থাকবেন?’ দলটির আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার।’
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, সাংসদ এ বি এম তাজুল ইসলাম, সাংসদ ফয়েজুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।