আগামী সপ্তাহে সারা দেশে মাসব্যাপী সাংগঠনিক সফর শুরু করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে ছয়টি বিভাগ সফর করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতেই এ সফর। জনগণের সঙ্গে কথা বলেই বিএনপি আন্দোলনে নামবে।গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতাদের সফর শুরু হচ্ছে এ মাসেই। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত গণসংযোগ চলবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা খারিজ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রীর মামলা প্রত্যাহার, নাকি আইনি প্রক্রিয়ায় সমাধান—বিষয়টি পরিষ্কার নয়। আমরা মনে করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ সুযোগ পাওয়ার অধিকার অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আছে।’