আন্দোলনের কর্মসূচি ঠিক করতে লিয়াজোঁ কমিটি করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নির্ধারণে চারদলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিবদের নিয়ে একটি লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে জোটের শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান সাংবাদিকদের বলেন, লিয়াজোঁ কমিটিতে প্রতিটি দল থেকে মহাসচিবের নেতৃত্বে তিনজন করে সদস্য থাকবেন। আন্দোলনের কর্মসূচি কী আসতে পারে—জানতে চাইলে আন্দালিব বলেন, অবস্থান কর্মসূচি, রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচি আসতে পারে। বৈঠক সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের কর্মসূচি হিসেবে চারদলীয় জোটের নেতারা গতকাল হরতাল, অবরোধ, লংমার্চ, রোডমার্চ, সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তবে কোনো কর্মসূচি ঠিক করা হয়নি। কর্মসূচি নেওয়ার বিষয়টি লিয়াজোঁ কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, শিগগিরই হরতাল দেওয়ার ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।