আন্দোলনের জন্য দেশবাসী প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মন্তব্য করেছেন, অবৈধ সরকার পতনের আন্দোলনের জন্য দেশবাসী প্রস্তুত হয়ে আছে। তাই ঈদের পর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে খালেদা জিয়া এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘দেশের অবস্থা খুব খারাপ। সবাই বিপদে আছে। তাই সবার দায়িত্ব দেশকে রক্ষা করা। অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করা। গুম-খুন এভাবে চলতে পারে না।’
খালেদা জিয়া আরও বলেন, ‘নির্বাচনের আগে ব্যাপক আন্দোলন হয়েছিল। সে কারণেই ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। সেই আন্দোলনের ওপর আস্থা রেখে আবার আন্দোলন করতে হবে। সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।’
ইফতার-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপির সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এতে বক্তব্য দেন। ইফতারে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলের নেতারা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।