আন্দোলনের টাকা নিয়ে মারামারিতে আহত ৯
আন্দোলনের টাকা মেরে দেওয়ার অভিযোগে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে মারামারি হয়েছে। এতে নয়জন আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা সবাই প্রথম বর্ষের। তাঁরা হলেন—ফার্মাসি বিভাগের আবদুল্লাহ আল নাহিদ, ফিজিওথেরাপির ইয়াসির আরাফাত, গোলাম রাব্বি ও ওয়াহিদুজ্জামান, ল্যাব মেডিসিন বিভাগের আল আমিন, রেডিওলজির আলমগীর হোসেন, আবু হোসেন, আসলাম ও রবিউল আলম।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মেডিকেল টেকনোলজিস্টদের আন্দোলন চলছিল। এই আন্দোলনের খরচ চালানোর জন্য প্রত্যেক বর্ষের শিক্ষার্থীরা চাঁদা তুলেছিলেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে রবিউল আলম ও সাদিকুর রহমান এতে নেতৃত্ব দেন।
রবিউল আলমের অভিযোগ, আন্দোলনের জন্য ওঠানো ২ হাজার ৮০০ টাকা সাদিকুর রহমানের কাছে ছিল। এই টাকা নিয়ে কথা-কাটাকাটি থেকে মারামারি হয়।
এ বিষয়ে কথা বলতে সাদিকুর রহমানের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, এই দুই পক্ষের মধ্যে ‘ক্যাপ্টেনসি’ নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী ক্যাপ্টেন হওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। বাকিটা তদন্ত করে দেখতে হবে।