জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে নতুন গ্যাস-সংযোগ বন্ধের আন্দোলনে জনমত গঠন করতে টানা ১০ দিনের কর্মসূচি শুরু করেছে ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’। গতকাল রোববার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে আজ সোমবার থেকে ১০ দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে।
প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর বলেন, ‘নতুন গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী’ স্লোগানে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ শেষে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
৬ জানুয়ারি নগরের পুরান লেন এলাকায় সিলেটের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে প্রতিরোধ আন্দোলনের প্রথম সভা হয়। সভা থেকে ১০ দিনের টানা গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ২২ ডিসেম্বর সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহকে আহ্বায়ক করে প্রতিরোধ আন্দোলন কমিটি গঠন করা হয়। এদিকে নতুন গ্যাস-সংযোগ বন্ধের ব্যাপারে সিলেটে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ লিখিত কোনো ঘোষণা দেয়নি। তবে আবাসিক সংযোগ দপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের ৩ জানুয়ারি এক আদেশের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জালালাবাদ গ্যাসের অধিক্ষেত্রে থাকা এলাকা ব্যতীত দেশের সব অঞ্চলে সংযোগ ও লোড বৃদ্ধির আবেদন নির্দিষ্ট কমিটির অনুমোদন সাপেক্ষে প্রদানের নির্দেশ দেওয়া হয়। এরপর সারা দেশে গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও সিলেটে চালু ছিল।
গত বছরের ৮ জুলাই পুনরায় এক নির্দেশে জালালাবাদ গ্যাসকে একইভাবে সারা দেশের সঙ্গে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত কমিটির অনুমোদন নেওয়ার অফিস আদেশ জারি করা হয়। ৩ নভেম্বর থেকে ওই আদেশের কথা জানিয়ে নতুন সংযোগের জন্য যাঁরা আবেদন করেছেন, তাঁদের সংযোগ প্রদানও বন্ধ করে দিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে করে নতুন গ্যাস-সংযোগ পাওয়ার জন্য আবেদন করা তিন হাজার গ্রাহকের সংযোগ প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে যোগাযোগ করলে বিষয়টি ‘ওপরের নির্দেশে’ জানিয়ে জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম খান বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
গত ১৫ ডিসেম্বর সিলেট সার্কিট হাউসে নতুন আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ রাখা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘দেশে যে পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা দিয়ে বড়জোর ১৩ থেকে ১৪ বছর চলতে পারে। আবাসিক খাতে গ্যাসের ব্যবহার মানে গ্যাসের অপচয়। তাই আমরা আবাসিক খাতে আর গ্যাস-সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’