আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করছে হেফাজত: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জামায়াত ও হেফাজতে ইসলাম আন্দোলনের নামে হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করছে। এসব ধ্বংসাত্মক কার্যকলাপ করে যুদ্ধাপরাধের বিচার ঠেকানো যাবে না।’আজ শুক্রবার সকালে শেরপুরে জেলা মালিক-শ্রমিক ঐক্যপরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।নৌমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ সব যুদ্ধাপরাধীর বিচার চায়। আর এ বিচারের জন্যই তারা আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। জনগণের এই শক্তি নিয়েই আওয়ামী লীগ একের পর এক যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতা ও আলবদর কমান্ডার কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এই রায়ে দেশের মানুষ আনন্দ প্রকাশ করেছে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মাও এতে শান্তি পাবে।’ মন্ত্রী বলেন, ‘গণতন্ত্র মানুষের রাজনৈতিক অধিকার। এ অধিকারের অর্থ হচ্ছে নিজেদের মতবাদ প্রকাশ করা। কিন্তু এই মতবাদ প্রকাশ করতে গিয়ে বিরোধী দল হরতালের নামে বাস-ট্রাক-রেলসহ মূল্যবান সম্পদ ধ্বংস করছে। তারা হরতালের দিন কর্মরত পরিবহন শ্রমিকদের আগুনে পুড়িয়ে মারছে।’ এভাবে তারা সাম্প্রতিক সময়ে আটজন পরিবহন শ্রমিককে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। শাজাহান খান বিরোধী দলের গণতন্ত্রকে ‘অব দ্য টেররিস্ট, বাই দ্য টেররিস্ট, ফর দ্য টেররিস্ট’ বলে মন্তব্য করেন।