স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও গণতান্ত্রিক সরকার কিছুতেই বরদাশত করবে না। কঠোরভাবে তাদের দমন করা হবে।ফজিলাতুন্নেসা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গবেষণা ফাউন্ডেশন এর আয়োজন করে।এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কর্মসূচির নামে দেশে নৈরাজ্য সৃষ্টি, একাত্তরের ঘাতকদের বিচার ও গ্রেনেড হত্যা মামলার বিচার বাধাগ্রস্ত করতে কর্মসূচি নেওয়া হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করব। দায়িত্ব পালন করার জন্য যত কঠোর হওয়া দরকার, ততটাই হব।’ কৃষক লীগের সভাপতি মির্জা জলিল সভায় সভাপতিত্ব করেন।