আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার মতো ধ্বংসাত্মক রাজনীতি থেকে বিরত থাকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেব না। কিন্তু তথাকথিত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারবেন না।’মহান মে দিবস উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে টঙ্গী টেলিফোন শিল্প সংস্থা মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী কষ্টার্জিত গণতন্ত্রকে টেকসই করতে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আর কাউকে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।’ শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী। এইচএসসি পরীক্ষা চলাকালে বিরোধী দলের হরতাল কর্মসূচির নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী পড়াশোনার প্রতি কেন ক্ষুব্ধ? বেগম জিয়া কি এ কারণে ক্ষুব্ধ যে, তিনি পরীক্ষায় কেবল আরবি ও উর্দু পাস করায় এসএসসি ডিঙ্গাতে পারেননি? বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ প্রসঙ্গে তিনি বলেন, এটি তাঁর জন্য নতুন কিছু নয়, তিনি (ইলিয়াস আলী) আগেও নিখোঁজ হয়েছিলেন। আবার নিরাপদে ফিরে এসেছেন।শ্রমিকদের প্রতি উত্পাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের কোনো দাবি তুলতে হবে না, কেননা, সরকার তাদের যৌক্তিক দাবির ব্যাপারে যথেষ্ট সজাগ রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তাঁর কালোটাকা সাদা করেছেন, যা তিনি দুর্নীতি থেকে এবং এতিমদের অর্থ আত্মসাৎকরে আয় করেছেন। এই অপরাধের জন্য আপনাকে দুটি আদালতে জবাবদিহি করতে হবে। একটি হলো জনগণের আদালত ও অন্যটি হলো মহান আল্লাহতায়ালার আদালত।’বিদ্যুৎও গ্যাসের উত্পাদন দ্বিগুণ হয়েছে: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, মে দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, গত তিন বছরে বিদ্যুৎও গ্যাসের উত্পাদন দ্বিগুণ বেড়েছে। তিনি সেখানে মে দিবস মেলার উদ্বোধন করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদ্যুত্-গ্যাসসংকট মোকাবিলায় সরকার নানাভাবে কাজ করছে। সরকার আরও উত্পাদন বৃদ্ধির চেষ্টা করছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ ইসরাফিল আলম, আইএলওর বাংলাদেশ প্রতিনিধি আন্দ্রে বগুই, মালিক প্রতিনিধি ফজলুল হক ও শ্রমিক প্রতিনিধি আবদুল মতিন মাস্টার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সচিব মিকাইল শিপার।