আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেছেন, ‘আন্দোলনের নামে মানুষ হত্যা বন্ধ করুন। ছেলেমেয়েদের স্বার্থ ও তাদের লেখাপড়ার জন্য ক্ষতিকর কোনো কিছু করবেন না।’ খবর বাসসের।
গতকাল সোমবার গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি বিরোধী দলের নেতার প্রতি বিশেষ করে ছেলেমেয়েদের নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকার ও তাদের পরীক্ষার দিন কোনো কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ নির্বাচনকালীন সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে এই ফলাফল তুলে দেন।
প্রধানমন্ত্রী পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে কঠোর পরিশ্রম ও বিভিন্ন বিপত্তি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আবারও নির্বাচিত হয়ে সরকার গঠন করলে প্রাথমিক স্তরে কম্পিউটার ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।