আন্দোলনের নামে মানুষ হত্যার অভিযোগ বাম মোর্চার
আন্দোলনের নামে যানবাহনে আগুন দিয়ে, পেট্রলবোমা ছুড়ে অসংখ্য মানুষকে নিহত ও আহত করা হচ্ছে বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সংগঠনটি বলেছে, এর দায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও বিএনপি-জামায়াতের।
গতকাল রোববার সকালে তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিমত দেন জোটের নেতারা। তাঁরা জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে একতরফা ও তামাশা আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানান।
লিখিত বক্তব্যে মোর্চার সাধারণ সম্পাদক সাইফুল হক হত্যা, সন্ত্রাস, পেট্রলবোমা ও মানুষ খুনের ‘অপরাজনীতি’ প্রত্যাখ্যান, একতরফা নির্বাচনের তফসিল বাতিল, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা এবং গ্যাস ব্লক নিয়ে ‘দেশবিরোধী’ পিএসসি চুক্তির পাঁয়তারা বাতিলের দাবি জানান।
এসব দাবিতে আজ সোমবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করবে বাম মোর্চা। ঢাকায় বিকেল সাড়ে তিনটায় জাতীয় যাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।