আন্দোলনের নামে মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ হত্যার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সংগঠনটি গতকাল শুক্রবার এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বিকেলে নীলফামারী শহরের শহীদ মিনার চত্বরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এ কর্মসূচির সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তৃতা দিয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আহসান রহিমের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সহসভাপতি রবিউল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য অসিত কুমার ধর, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের জেলা কমিটির সভাপতি আবদুল বারী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক রাসেল আমিন, আলোর পথযাত্রা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনিরুল হাসান শাহ, ভাওয়াইয়া একাডেমির সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহ, আনন্দ ধ্বনি সংগীত একাডেমির সভাপতি রতনা বর্ধন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আন্দোলনের নামে যানবাহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষ হত্যা করছে। তাদের এই নির্মমতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। পেট্রলবোমার আগুনে ঝলসে যাওয়া মানুষের চিৎকারে আকাশ-বাতাস ভারী হচ্ছে, লাশের সংখ্যা বেড়ে চলছে, কিন্তু সেদিকে তাদের (অবরোধকারী) কোনো ভ্রুক্ষেপ নেই।