আন্দোলনের প্রস্তুতির আহ্বান বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপি এ আহ্বান জানায়। বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে বলেন, মিথ্যাচার করে জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে আসেন। তিনি আলোচনা শেষে দৃষ্টিতে বাংলাদেশ শিরোনামে মঞ্চস্থ হওয়া প্রামাণ্য গীতিনাট্য উপভোগ করেন। এতে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, আওয়ামী লীগের শাসনামল, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শামনামল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।
আলোচনা সভায় বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ দাবি করেন, শেখ মুজিব মুক্তিযোদ্ধা ছিলেন না। একাত্তরে মেজর জিয়া স্বাধীনতার পক্ষে যুদ্ধ ঘোষণা দিয়ে নিজেই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ আওয়ামী লীগ জিয়ার স্বাধীনতার ঘোষণা দিয়ে নানা রকম মিথ্যাচার করছে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ সরকারের গণতন্ত্রবিরোধী কার্যক্রমের সমালোচনা করে বলেন, ‘কেবল বসে বসে স্লোগান দিলে চলবে না, রাজপথে সবাইকে নামতে হবে। আমরা না নামলে আল্লাহর গজব পড়বে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।
খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্র সচিবের বৈঠক:
বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন অষ্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রসচিব পল রবিলিয়ার্ড। খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই বৈঠকটি হয়।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া পল রবিলিয়ার্ডকে বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত আলোচনার প্রয়োজন। খালেদা জিয়ার এই বক্তব্যের সঙ্গে পল একমত পোষণ করেছেন বলে দাবি করেন শমসের মবিন।