আন্দোলনের বাতাসে চুল উড়ে যাবে: খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সংবিধান থেকে এক চুলও নড়ব না’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বাতাসে গেলেই চুল উড়ে যাবে। জনগণের আন্দোলনের বাতাসে চুল তো থাকবেই না, সব এলোমেলো হয়ে যাবে। দিশেহারা হয়ে যাবেন।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় খালেদা জিয়া এ কথা বলেন।
জাতীয় নির্বাচনকালীন সরকার প্রশ্নে এর আগের দিন গতকাল রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান থেকে তিনি এক চুলও নড়বেন না।
সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচনের বিধান রয়েছে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, তাঁদের দাবি ‘ছোট্ট’। এই ‘ছোট্ট’ দাবিটি হলো, তত্ত্বাবধায়ক বা অন্য যে নামেই হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সরকারকে সংসদ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল এনে তা পাস করানোর আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে এই মুহূর্তে এই সংখ্যা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আমরা নতুন ধারার রাজনীতি করব। নতুন ধারার সরকার গঠন করব, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই নিয়োগ পাবেন।’
আগামীতে বিসিএস পরীক্ষায় কোটা-পদ্ধতি সংস্কারেরও ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় লোকজনকে ঢুকাতে এই ব্যবস্থা করেছে। কোটার মাধ্যমে ‘অপদার্থ’ দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আগামীতে কোটা-পদ্ধতি পরিবর্তন করা হবে। পুরোপুরি বাতিল নয়, কিছু থাকবে।’
সরকার শেষ সময়ে এসে ভয় পেয়েছে, দাবি করে খালেদা জিয়া বলেন, ‘সরকার ভয় পেয়েছে বলেই এখন জোরে জোরে কথা বলছে।’
নিজের শাসনামলে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি আনার দাবি করে খালেদা জিয়া বলেন, ‘এই সরকারের আমলে পাঁচ হাজার তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘জনগণের কথায় আসুন, দেশের কথায় আসুন।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি।’
খালেদা জিয়া বলেন, ‘সরকার গঠন করলে আমরা একটা নয়, দুটো পদ্মা সেতু করব।’
গত মে মাসে রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশের ওপর হামলায় বহু মানুষের নিহত হওয়ার খবর তাঁদের কাছে আছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘পত্রিকায় খবর বের হয়েছে, ওই সমাবেশে দেড় লাখ গুলি করা হয়েছে।’ তিনি বলেন, ‘ওই দিন লাইট বন্ধ করা হলো কেন? টিভি চ্যানেল বন্ধ করা হলো কেন? এ থেকে বুঝতে কারও বাকি থাকে না যে সেখানে আপনারা কী করেছেন।’ আওয়ামী লীগের চরিত্র ‘মানুষ খুন আর মানুষ গুম’ বলেও মন্তব্য করেন তিনি।
সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।