আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন করা হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ কথা বলেছেন।গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে জ্যেষ্ঠ প্রকৌশলী ও কৃষিবিদদের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে খালেদা জিয়া এ কথা বলেন। বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন এ বৈঠক করেন। খবর ইউএনবির।বৈঠকের সঙ্গে জড়িত একটি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খালেদা জিয়া তাঁর দলের অবস্থান আবারও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংবিধানে যে ধারা আছে, তা বহাল রাখতে হবে। এ নিয়ে সংবিধানে একতরফা কোনো সংশোধনী তাঁর দল মেনে নেবে না।বিএনপির চেয়ারপারসন বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধী ও পেশাজীবীদের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। এর প্রতিবাদে শিগগিরই কঠোর আন্দোলন শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন খালেদা জিয়া।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।মনোয়ারা বেগমকে দেখতে হাসপাতালে: ১২ ও ১৩ জুন দেশজুড়ে হরতালের সময় চট্টগ্রামে পুলিশের নির্যাতনের শিকার দলীয় নেত্রী ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমকে দেখতে গতকাল রাতে হাসপাতালে যান খালেদা জিয়া। মনোয়ার বেগম রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।