আন্দোলনের মুখে উপাচার্য দুই মাসের ছুটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া আজ শুক্রবার থেকে দুই মাসের ছুটিতে যাচ্ছেন। উপাচার্য ছুটিতে যাওয়ায় আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশের চলমান আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত বলে জানিয়েছেন ওই শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ শামসুল আলম।
সিন্ডিকেট, প্রশাসন ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেন উপাচার্য। সভায় তিনি তাঁর ব্যক্তিগত-পারিবারিক কারণ দেখিয়ে আগামী পয়লা মে থেকে দুই মাসের ছুটি অনুমোদন করিয়ে নেন। এর পর পরই আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করেন। শিক্ষকদের দলটি তাঁর সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের ডেকে আজ শুক্রবার থেকে ছুটিতে যাওয়ার কথা জানান।
এ বিষয়ে জানতে গতকাল বেলা আড়াইটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন আজ শুক্রবার থেকে উপাচার্যের দুই মাসের ছুটিতে যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এদিকে উপাচার্য ছুটিতে যাওয়ায় আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ আপাতত তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন বলে জানিয়েছেন ওই শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ শামসুল আলম।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বসার কক্ষ ও শ্রেণিকক্ষ কোন বিভাগ কতটি পাবে, তা নিয়ে পদার্থবিজ্ঞান এবং পুর ও পরিবেশ কৌশল বিভাগের দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব ছিল। পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকের পক্ষ নিয়ে ১২ এপ্রিল পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে কথা বলতে সাক্ষাতের অনুমতি না নিয়েই তাঁর কক্ষে ঢুকে পড়েন। এ সময় উপাচার্যের স্ত্রী অসুস্থ হওয়ার খবর এলে তিনি তাঁদের বেশি সময় দিতে চাননি। এ নিয়ে কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তখন উপাচার্য সবাইকে সংযত আচরণ করতে বলেন। এরপর আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশ বিষয়টি শিক্ষকদের উপাচার্যের ‘অপমান’ হিসেবে আখ্যায়িত করে। এর জের ধরে ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদের ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন। ২২ এপ্রিল উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন তাঁরা।