আন্দোলনের মুখে কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া ডিগ্রি কলেজ আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল শনিবার অধ্যক্ষের স্বাক্ষরিত একটি নোটিশ কলেজে টাঙিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, কলেজটি ১৯৮৫ সালে উপজেলা সদর আড়পাড়ায় প্রতিষ্ঠা করা হয়। কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার। পাঁচটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। কিন্তু উপজেলার সবচেয়ে পুরোনো ও বড় এই কলেজটিকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন বিহারী লাল শিকদার ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজটি যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাবার নামে প্রতিষ্ঠিত। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে প্রতিমন্ত্রীর গ্রামের বাড়ি সিংড়ায় ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
জাতীয়করণের দাবিতে সম্প্রতি আন্দোলনে নামেন আড়পাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। ২২ আগস্ট তাঁরা বিক্ষোভ, সমাবেশ ও কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরদিনও শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ, মানববন্ধন, স্মারকলিপি দেন ও সংবাদ সম্মেলন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বুধবার সকালে পুলিশ কলেজটি ঘিরে রাখে। এদিন দ্বাদশ শ্রেণির ইংরেজি বিষয়ের প্রাক্-নির্বাচনী পরীক্ষা ছিল। পরে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে ফিরে যায়। গতকাল সকালে বাংলা বিষয়ের প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ না নিয়ে বিক্ষোভ শুরু করে পরিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে দুপুরে কলেজ বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
অধ্যক্ষ খলিলুর রহমান বলেন উদ্ভূত পরিস্থিতিতে আগামী মাসের (সেপ্টেম্বর) ১৭ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ জাতীয়করণ ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আড়পাড়া কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মুন্সী আনিসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা এবং নীতিমালা অনুযায়ী আড়পাড়া কলেজই প্রথম জাতীয়করণ হওয়া উচিত। কলেজটি উপজেলা সদরে। আর প্রতিমন্ত্রীর বাবার নামের কলেজটি উপজেলা সদর থেকে ১২-১৩ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রামে। তিনি অন্যায়ভাবে তাঁর বাবার নামের কলেজকে জাতীয়করণ করার যে তৎপরতা চালাচ্ছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এসব অভিযোগ অস্বীকার করে প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ‘কলেজ জাতীয়করণের বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আর যেকোনো কলেজের ছুটির বিষয়টি সেখানকার অধ্যক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে।’