ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার রাতে মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের ছাড়িয়ে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা গেছে, ঈশা খাঁ হলের পরিত্যক্ত ঘোষণা বাতিল ও ওই হল সংস্কারের দাবিতে গত রোববার সকাল থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে ১৭ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন। এরপর দিবাগত রাত দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে আন্দোলনরত ১১ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা প্রায় সব ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেন। পরে সোমবার রাত একটার দিকে কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত ছাত্রদের ছাড়িয়ে আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উপাচার্য মো. রফিকুল হক বলেন, অচিরেই সব সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করা হবে।