অভিভাবক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত শহরের ব্যস্ততম টাউনহল মোড়ে প্রধান সড়ক অবরোধকালে জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত পরিবর্তনের ঘোষণা দিলে ক্ষুব্ধ অভিভাবকেরা শান্ত হন।গত বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম ভর্তি পরীক্ষা চলাকালে পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে দুর্ব্যবহার ও ফলাফল বিবরণী তৈরিতে অনিয়মের অভিযোগে স্কুল কর্তৃপক্ষকে ওই দিন অনুষ্ঠিত পঞ্চম ও সপ্তম শ্রেণীর ভর্তি পরীক্ষা বাতিল এবং গতকাল শুক্রবার ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষা স্থগিতের লিখিত আদেশ দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা বাতিলের খবর রাতে ও গতকাল ভোরেই অভিভাবকদের কাছে পৌঁছে যায়। এ কারণে গতকাল সকাল থেকেই ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে অভিভাবক ও শিক্ষার্থীরা নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে তাদের ক্ষোভের কথা জানায়। এরপর বেলা ১১টার দিকে তারা শহরের ব্যস্ততম টাউনহল মোড়ে প্রধান সড়কে অবস্থান নেয়।দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. ফেরদৌস খান ঘটনাস্থলে আসেন। তিনি অভিভাকদের বুঝিয়ে বাতিল করার পরীক্ষার উত্তরপত্র আবার নিরীক্ষা করে ফল ঘোষণা এবং স্থগিত করা পরীক্ষা যত শিগগির নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনকারীরা শান্ত হয়। সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিলাল সাহা প্রথম আলোকে জানান, উত্তরপত্র মূল্যায়নের পর ফলাফল বিবরণীর শিট তৈরি করে এক কপি ম্যাজিস্ট্রেটরা না নিয়ে এ-সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যেতে চাইলে শিক্ষকেরা আপত্তি করেন। এ সময় ম্যাজিস্ট্রেটরা তাঁর ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ছাড়া প্রশাসনের লোকজন নিজেরাই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, শিক্ষকেরা কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত। প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকেরা অনিয়ম করতে না পেরে অভিভাবকদের ইন্ধন দিয়ে আন্দোলন করিয়েছেন। তিনি বলেন, ‘পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে হলে তা তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে না। এ জন্য আমার কাছে আসতে হবে।’