শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটি) গতকাল মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ডিন ও সহযোগী অধ্যাপক সুরজিৎ সর্ববিদ্যাকে পুনর্বহাল করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা এ আন্দোলনে নামেন। আন্দোলনকারীদের অভিযোগ, কর্তৃপক্ষের অযাচিত হস্তক্ষেপে গত ২ জানুয়ারি সুরজিৎকে অব্যাহতি দেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, সুরজিতের নিয়োগ-চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় এক সপ্তাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।’ গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে খোলা জায়গায় বসে অনশন কর্মসূচি পালন করছেন। তাঁদের পেছনে একটি ব্যানারে লেখা, ‘ইউএসটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও তাঁর পুত্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ ছাত্রদের এই অনশন কর্মসূচি।’ শিক্ষার্থীদের অভিযোগ, ইউএসটির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ও তাঁর ছেলের অযাচিত হস্তক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়ের নিবেদিত এবং ভালো মানের শিক্ষক সুরজিৎ সাহাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়েও এ শিক্ষক তাঁদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রিয় শিক্ষক সুরজিৎ সর্ববিদ্যার পুনর্বহালের দাবিতে বেলা দুইটা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করব। দাবি আদায় না হলে বুধবার (আজ) সকাল ১০টায় ক্যাম্পাসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করব। এর পরও দাবি পূরণ না হলে আমরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক আখতার জাহান বলেন, ‘কিছুসংখ্যক দুষ্কৃতকারী সহযোগী অধ্যাপক সুরজিৎ সর্ববিদ্যা সম্পর্কে ঢাকা কার্যালয়ে ভুল বুঝিয়েছেন। এর ফলে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পুনবর্হাল করা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কেউ-ই কাজে ফিরে যাবেন না।’ জানা যায়, গত ৩ জানুয়ারি সুরজিৎ সর্ববিদ্যাকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের সইসহ লিখিত আবেদন জানানো হয় প্রতিষ্ঠাতা উপাচার্যের কাছে।