জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে আইন বিভাগের সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার দুপুর দুইটায় ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
শিক্ষার্থীরা জানান, আইন বিভাগের সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। মিছিল শেষে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের (ওই ভবনে পরীক্ষা হওয়ার কথা) প্রধান ফটক অবরোধ করে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, জগন্নাথকে বেসরকারি বিশ্ববিদ্যালয় করতেই আইন বিভাগে সান্ধ্য কোর্স চালু করছে প্রশাসন। এতে করে সাধারণ গরিব পরিবারের শিক্ষার্থীরা বঞ্চিত হবেন। তাই বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোনো কোর্স চালু করতে দেওয়া হবে না বলে প্রশাসনকে হুমকি দেন তাঁরা।
ছাত্রজোটের সমাবেশের কয়েক মিনিট পরই ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রফ্রন্টের আহ্বায়ক শরিফুল চৌধুরী, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপক দাস প্রমুখ বক্তব্য দেন।
এ বিষয়ে আইন অনুষদের ডিন সরকার আলী আক্কাস প্রথম আলোকে বলেন, ‘ছাত্রজোটের আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিতের প্রশ্নই আসে না।’ তিনি বলেন, ‘হরতালের প্রভাবসহ বিভিন্ন কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিগগির পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।’