ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আন্দোলনের মুখে সরকার পাঠ্যক্রম সংশোধন করতে বাধ্য হয়েছে। তবে ‘ধর্মবিরোধী’ শিক্ষা আইন ও শিক্ষানীতি এখনো বাতিল করা হয়নি। অবিলম্বে ‘বিতর্কিত’ শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল করতে হবে।
বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে গতকাল রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন। শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষা আইন বাতিল এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল মহানগর সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মো. ইউনুস আহমেদ প্রমুখ।