আন্দোলনের হুমকি বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ অক্টোবরের মধ্যে সাত দফা দাবি মানা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে তাঁরা এই হুমকি দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তালাশ মাহমুদ। উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষার্থী।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষাসংক্রান্ত নীতিমালা-২০০৮ অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের মেডিকেল সেন্টারগুলোতে একজন করে বায়োকেমিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালে এ নিয়মনীতি উপেক্ষা করে অনভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।শিক্ষার্থীদের সাত দফা দাবি হচ্ছে—অবিলম্বে এ বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক সরকারি নিবন্ধন প্রদান করা, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বায়োকেমিস্ট পদ সৃষ্টি করে এ বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া, সরকারি মেডিকেল কলেজগুলোতে বায়োকেমিস্ট্রির শিক্ষক পদ পুনরায় বাধ্যতামূলক করা, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট হিসেবে এ বিভাগের শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া, বিসিএস শিক্ষা ক্যাডারে এ বিভাগের শিক্ষার্থীদের নিয়োগের ব্যবস্থা করা, বিভিন্ন ওষুধ কোম্পানিতে গবেষণার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োকেমিস্ট নিয়োগ করা এবং ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলার পদে এ বিভাগের শিক্ষার্থীদের নিয়োগ বাধ্যতামূলক করা।