ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদের নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অবিলম্বে এ নির্বাচন না দেওয়া হলে তিনি আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছেন।গতকাল শনিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ‘সরকারি রাজেন্দ্র কলেজের সর্বশ্রেষ্ঠ কৃতী শিক্ষার্থী ও মন্ত্রী খন্দকার মোশাররফের সম্মাননা প্রদান ও আন্তকলেজ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এ ঘোষণা দেন। রাজেন্দ্র কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সহজ নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ দাবিতে তোমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তোমরা আন্দোলন শুরু করলে আমি সে আন্দোলনে নেতৃত্ব দেব।’মন্ত্রী বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি ছাত্রলীগের ছেলেরা উচ্ছৃঙ্খল হবে না, তারা আইন মেনে চলবে। যদি এখনই নির্বাচন দিতে ওপর মহলের কোনো সমস্যা থাকে তা আমাকে জানাও। সে সমস্যা সমাধানে আমি ভূমিকা রাখব।’ কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের মতো আমারও প্রাণের দাবি আপনি কলেজ সংসদের নির্বাচন দেবেন। যদি নির্বাচন না দেন তাহলে আমি ওদের (ছাত্রছাত্রীদের) নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করব।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিত্ মুখার্জি জানান, রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদের সর্বশেষ নির্বাচন হয় ২০০৩ সালে। ২০০৪ সালের নির্বাচনের সময় আদালতে মামলা হয় এবং নির্বাচন স্থগিত হয়ে যায়। অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ছাত্র ফাহাদ বিন ওয়াজিদ।অনুষ্ঠানে কলেজের ও ছাত্রলীগের পক্ষ থেকে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে দুটি সম্মাননা স্মারক মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। গতকাল কলেজের আন্তবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলায় ব্যবস্থাপনা বিভাগ হিসাববিজ্ঞান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শ্রমমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।