আন্দোলনের হুমকি সরকারি কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের প্রস্তাবিত বৈষম্য দূরীকরণ, উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ‘কর্তৃত্ব’ কমানো এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবি জানিয়েছে সরকারি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ।
আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৪ ডিসেম্বর ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ এ দাবি জানায়। সম্মেলনে সংগঠনটির সভাপতি শফিউল আজম ও মহাসচিব জিন্নাত আলী বিশ্বাস যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে দুই নেতা বলেন, প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় প্রশাসন ক্যাডার ছাড়া অন্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা আশা করেন, সরকারি কর্মকর্তাদের মর্যাদা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমন সিদ্ধান্ত সরকার নেবে না। তাঁরা অভিযোগ করেন, উপজেলা পরিষদে ইউএনওদের ‘অগণতান্ত্রিক’ ক্ষমতা দিয়ে একটি গতিশীল সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনের পরপরই জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনভুক্ত সরকারি কর্মকর্তারা মানববন্ধন করেন।