আপটাভুক্ত দেশে বাংলাদেশি পণ্যের শুল্ক-সুবিধা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আপটাভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের শুল্ক-সুবিধা বাড়বে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম। তিনি বলেন, এত দিন ৪ হাজার ৬৪৮টি পণ্যে শুল্ক-সুবিধা পাওয়া যেত। এখন ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্ক-সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আপটায় সাতটি দেশ আছে। ১৯৭৫ সালে ব্যাংককে এই বাণিজ্য চুক্তি সই হয়। পরে ২০০৫ সালে আপটা নাম হয়। আপটার সর্বশেষ সদস্যদেশ মঙ্গোলিয়া।
এ ছাড়া বৈঠকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনটি হলে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রাণিসম্পদ, শিল্প স্থাপনা বা অনুসন্ধানবিষয়ক পরামর্শ দেওয়ার জন্য বোর্ড–নির্ধারিত হারে ফি আদায় করতে পারবেন।
এদিকে পুনরায় যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা—টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।